৯ জুন, ২০২৬, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কর্তৃক জানা গেছে, নাটোর জেলায় ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নাটোরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জেলার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এ্যাড. সাইদুর রহমান।
সংলাপে মূল প্রবন্ধকার বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণতন্ত্রের মূল ভিত্তি হলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন। অপতথ্য ও ভুল তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলা করে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করা হলে গণতন্ত্র শক্তিশালী হবে।
ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওয়ার্কের কনভেনর প্রভাতী বসাকের সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সমন্বয়কারী নাজনিন শবনম, ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওয়ার্কের কো-কনভেনর এ্যাড. খগেন্দ্র নাথ রায়। সংলাপ পরিচালনা করেন নিডা সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বিউটি।
‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস্ থ্রো ষ্ট্রেনদেনিং’ প্রকল্পের আওতায় সংলাপে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মীরা তাদের মতামত তুলে ধরেন। পরে প্রথম আলোর জেলা প্রতিনিধি এ্যাড. মুক্তার হোসেনকে আহ্বায়ক এবং বাসসের জেলা প্রতিনিধি ফারাজী আহম্মদ রফিক বাবনকে সদস্য সচিব করে হিউম্যান রাইটস্ জার্নালিস্ট নেটওয়ার্কের নাটোর জেলা কমিটি গঠন করা হয়।
Leave a Reply