আজ পানিতে ডুবে গেল তরতাজা ৭প্রাণ! স্বজনদের আহাজারি!

কিশোরগঞ্জের নিকলী, মিঠামইন, কটিয়াদী, ভৈরব, করিমগঞ্জ, ইটনা ও সদরে  পৃথক ৭টি ঘটনায় পানিতে ডুবে ৫ শিশুসহ ৭জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের হেলালের ছেলে ফয়সাল (১৭), নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ হাকিম (৫), গাজীপুরের টঙ্গী এলাকার এরশাদ নগরের আর-৮ নম্বর ব্লকের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে মাদরাসাছাত্র আরিফ হোসেন (১২), কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের দক্ষিণ লোহাজুরি গ্রামের মজলু মিয়ার ছেলে নাঈম মিয়া (১১), ভৈরব উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার মো. সোহেল মিয়ার ছেলে শুভ ইসলাম স্মরণ (১২) ও কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রল পাম্প এলাকার মো. আবু বাক্কার মাস্টারের ছেলে ফিজিওথেরাপিস্ট মো. বাছির উদ্দিন মিলন (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে জেলার নিকলী উপজেলার নানশ্রী গ্রামে বাড়ির পাশে বড় ভাই ও কয়েকজন শিশুর সঙ্গে খেলতেছিল হাকিম। খেলতে খেলতে অসাবধান বশতঃ পাশের পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গী এরশাদ নগরের বাইতুল কোরআন কওমি মাদরাসার শিক্ষক ও ৪০ জন শিক্ষার্থী হাওর ভ্রমণে মিঠামইনে আসেন। ঘুরাঘুরি শেষে ইসলামপুর ঘাট এলাকায় সবাই একসঙ্গে গোসল করতে নামলে পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় আরিফ হোসেন। পরে শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের দীর্ঘ চেষ্টার পর দুপুরে ঘটনাস্থল থেকেই তার লাশ উদ্ধার করা হয়। মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর ২টার দিকে জেলার কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামের নাঈম মিয়া সহপাঠীদের সঙ্গে বিলে গোসল করতে যায়। সাঁতার না জানায় একটি প্লাস্টিকের বোতল ভাসমান সহায়তা হিসেবে ব্যবহার করছিল সে। গোসল শেষে বাড়ি ফেরার পথে বোতলটি বিলে ফেলে আসার কথা মনে পড়লে সেটি আনতে একাই ফিরে যায়। এ সময় পা পিছলে গভীর পানিতে পড়ে ডুবে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় বৃহস্পতিবার বাড়ি থেকে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শুভ ইসলাম স্মরণ। শুক্রবার সকালে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিকেলে জগন্নাথপুর এলাকার নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। ভৈরব থানার তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত ওসি) লিমন বোস শুভর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ফিজিওথেরাপিস্ট মো. বাছির উদ্দিন মিলন পরিবার নিয়ে করিমগঞ্জের বালিখলা হাওরে বেড়াতে যান। নৌকায় ভ্রমণের সময় পাশের মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় তার মেয়ে পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে হাওরে ঝাঁপ দেন মিলন। তিনি মেয়েকে উদ্ধার করতে সক্ষম হলেও নিজে তীব্র স্রোতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান মিলনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইটনা উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাইজা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বরিবাড়ি ইউনিয়নের পাঁচকাহনীয়া এলাকার একটি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাইজা উপজেলার বরিবাড়ি ইউনিয়নের পাঁচকাহনীয়া গ্রামের মো. নাইমের কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়,  শুক্রবার বিকেলে ফাইজা তার ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় গ্রামবাসী প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলের কাছেই নদীতে ফাইজার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে। এদিকে শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের হেলালের ছেলে ফয়সাল (১৭) জেলা সদরের মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ বাজার জামে মসজিদে তাবলীগের দাওয়াতে যান। দুপুরে নীলগঞ্জের ধলেশ্বরী নদী ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে কিশোরগঞ্জ ঢায়ার সার্ভিসের ডুবুরীদল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। প্রায় ১ ঘন্ট চেষ্টার পর নদী থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল কালাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *